"দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব" : মুন্সী রফিকুল আলম মজনু এমপি
সংগৃহীত ছবি
এম. এমরান পাটোয়ারী, ফেনী : প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আহ্বান জানান।
রোববার (২৬ জুলাই) ফেনীর ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে সরকারিভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়। সরকার কোনো অসহায় পরিবারকে একা ফেলে রাখবে না। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় একই স্থানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নিবাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য উপজেলার পশ্চিম পাঠাননগর কেবি হায়দার সড়ক থেকে ভূঁইয়া বাড়ী সড়ক, উত্তর যশপুর-জয়নগর সড়ক এবং উত্তর সতর খোয়াজ হামিদ বরু সড়কসহ একাধিক উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি ছাগলনাইয়ায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।
কমেন্ট বক্স